
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগে চরম শিক্ষক সংকটে স্থবির হয়ে পড়েছে একাডেমিক কার্যক্রম। শিক্ষক নিয়োগের দাবিতে টানা ক্লাস ও পরীক্ষা বর্জনের পর এবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অবিলম্বে অন্তত পাঁচজন নতুন শিক্ষক নিয়োগ দিতে হবে।
রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে ১৬ জুলাই থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ১৭ জুলাই থেকে বিভাগের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসিকে জানাতে—একটি বিভাগ মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে, এটা চরম লজ্জাজনক।”
ফার্মেসি সোসাইটির জেনারেল সেক্রেটারি হিমু বলেন, “আমরা ইউজিসিকে প্রশ্ন করতে চাই—যদি শিক্ষক নিয়োগ দিতে না পারেন, তাহলে আসলে তারা করেনটা কী? আবার প্রশাসনের প্রতি প্রশ্ন, যখন শিক্ষক নেই, তখন কেন নতুন শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে?”
তিনি আরও বলেন, “আজ আমাদের আল্টিমেটামের শেষ দিন। যদি প্রশাসন আজকের মধ্যে কোনো যোগাযোগ না করে, আমরা ডিন অফিস, বিজ্ঞান অনুষদের অফিস ও ভিসির দপ্তরে তালা লাগিয়ে প্রতিবাদ জানাব।”
উল্লেখ্য, বিভাগের মোট ১২ জন শিক্ষকের মধ্যে ৭ জন রয়েছেন শিক্ষা ছুটিতে। ফলে মাত্র ৫ জন শিক্ষক দিয়েই চলছে পুরো বিভাগ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে শিক্ষক সংকট এখন এক গভীর বাস্তবতা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বারবার আবেদন ও প্রতিবাদেও যখন সমাধান আসছে না, তখন শিক্ষার্থীদের আন্দোলনই হয়ে উঠেছে তাদের ন্যায্য অধিকারের একমাত্র ভাষা। দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান না করলে এই সংকট আরও তীব্রতর হতে পারে, যা শুধু ফার্মেসি বিভাগ নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাকেই চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এখন সময় যথাযথ পদক্ষেপ গ্রহণের।

























































