
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘২০তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’-এর কুমিল্লা জেলা পর্ব। সোমবার (২১ জুলাই) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারটি ভিন্ন কনফারেন্স রুমে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং কুবি সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কুমিল্লা জেলার স্কুল ও কলেজ পর্যায়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগীরা বয়সভিত্তিক দুইটি সেগমেন্ট —জুনিয়র (১৪–১৫ বছর) এবং সিনিয়র (১৬–১৮ বছর)—ভাগ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এই পর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীরা আগামী ২৬ জুলাই ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। জাতীয় পর্ব শেষে ২৯ ও ৩০ জুলাই ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত বিজয়ীরা নির্বাচিত হবেন।
সেরা দশ প্রতিযোগীর জন্য রয়েছে আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন ১৫,০০০ টাকা, দ্বিতীয় স্থান ১০,০০০ টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম স্থান পর্যন্ত ৫,০০০ টাকা করে। ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীরা প্রত্যেকে পাবেন ১,০০০ টাকা করে। ক্লোজড ক্যাম্পে অংশগ্রহণকারী সবাইকে প্রদান করা হবে সনদপত্র এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডের (IAO, WAO, APAO) জন্য বিবেচনায় নেওয়া হবে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মহাকাশ বিজ্ঞান পদার্থবিদ্যার একটি বিস্ময়কর শাখা, যা কেবল বিজ্ঞান চর্চা নয়, বরং সৃষ্টি ও স্রষ্টা সম্পর্কেও ভাবনার দ্বার উন্মোচন করে। অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলে আমি বিশ্বাস করি।”
ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, “এই অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা।” সাধারণ সম্পাদক আজহারউদ্দীন বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়বে এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি হবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের জেলা পর্ব কুমিল্লার প্রতিভাবান স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য ছিল জ্যোতির্বিজ্ঞান নিয়ে নতুন এক আবিষ্কারের ক্ষেত্র;যার মধ্য থেকেই ভবিষ্যতে উঠে আসবে দেশের সম্ভাবনাময় বিজ্ঞানীরা।

























































