তিন দিন পেরিয়ে গেলেও কুমিল্লার চৌদ্দগ্রামের নিখোঁজ গৃহবধু শারমিন আক্তারের (১৯) সন্ধান মিলেনি। মায়ের সন্ধানে ২ সন্তান কাঁদছেন অঝোরে। অপরদিকে প্রবাসী স্বামী মোঃ ফাহাদ মোল্লা স্ত্রী এবং সন্তানদের চিন্তায় পাগলপ্রায়।
এদিকে নিখোঁজ গৃহবধুর সন্ধ্যান না পেয়ে পিতা মজিবুল হক গত ২৭শে জুলাই চৌদ্দগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা এস.আই অভিজিৎ সোমবার (২৮শে জুলাই) রাতে জানান, গৃহবধুকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
জানা যায়, গৃহবধু মোসা: শারমিন আক্তার মোবাইল ঠিক করার কথা বলে শনিবার সকালে স্বামীর বাড়ী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা মোল্লা বাড়ী থেকে বের হয়। এসময় তার সাথে কেউ ছিলনা। দিন পেড়িয়ে সন্ধ্যা নামলেও শারমিন স্বামীর বাড়িতে না আসায় সকলে খোঁজাখুজি শুরু করেন। শারমিনের পিতার বাড়ী উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামসহ বিভিন্ন আত্নীয় স্বজনদের বাড়ীতে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি চৌদ্দগ্রাম বাজারেও খোঁজা হয়। পরদিন রবিবার শারমিনের পিতা মুজিবুল হক বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করেন।
প্রবাস থেকে স্বামী ফাহাদ মোল্লা জানান, তাহার স্ত্রী শারমিন গত শনিবারসকালে চৌদ্দগ্রাম বাজারে মোবাইল ঠিক করতে আসে। তার স্মৃতিশক্তি দুর্বলতা জনিত কিছুটা সমস্যা আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পড়নে কালো রঙের বোরকা ছিল। শারমিনের শারীরিক গঠন হালকা।যদি কেউ তার স্ত্রী শারমিনের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। যোগাযোগ নাম্বার- ০১৮৮৮ ১৯২৮৫৩।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন জানান, গৃহবধু নিখোঁজের ঘটনায় সাধারন ডায়েরী করেছে পরিবার। পরিবারসূত্রে জানতে পেরেছি নিখোঁজ গৃহবধুর কিছুটা মানসিক সমস্যা আছে। আমরা তার সন্ধান বের করার চেষ্টা করছি।


















































