
জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে গাঁজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হল প্রভোস্টের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে ৩০৭ নম্বর কক্ষের একটি টেবিলের ড্রয়ার থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে মাদক সংশ্লিষ্টতার সন্দেহে কক্ষে অবস্থানরত তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে ডোপ টেস্টের জন্য পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন—রবিউল আওয়াল রবিন, আবাসিক শিক্ষার্থী, কাজী নজরুল ইসলাম হল; সবুজ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী; এবং বহিষ্কৃত শিক্ষার্থী সাইদ উদ্দিন আহমেদ (আনাছ)। প্রথম দুইজন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এবং তৃতীয়জন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হলে মাদক সেবনের অভিযোগে ওই রাতেই প্রভোস্ট অভিযান চালান। প্রাথমিকভাবে কক্ষে মাদক পাওয়া না গেলেও, শিক্ষার্থীদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে পরে আবার তল্লাশি চালানো হয়। দ্বিতীয় দফার অভিযানে ড্রয়ারে লুকানো গাঁজা ও ব্যবহৃত বুলেট পাওয়া যায়।
এ বিষয়ে হল প্রভোস্ট মো. হারুন বলেন, “প্রথম দফায় সরাসরি মাদক না পেলেও শিক্ষার্থীদের আচরণ সন্দেহজনক ছিল। পরে কক্ষ তল্লাশি চালালে ড্রয়ারে গাঁজা পাই। আমরা তাদের রুম তালাবদ্ধ করেছি এবং বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য প্রক্টরিয়াল বডির কাছে পাঠানো হবে।”
তবে অভিযুক্ত শিক্ষার্থী রবিন দাবি করেন, “আমরা কেউ মাদকের সঙ্গে যুক্ত নই। সামনে আমাদের সেমিস্টার পরীক্ষা রয়েছে, সে কারণে রুমে বসে আলোচনা করছিলাম। আমাদের অনুপস্থিতির সময় কেউ হয়তো মাদক রেখে গেছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

























































