
জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) প্রতিষ্ঠার দাবির প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুবকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান ও একই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ।
উল্লেখ্য, কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ উপাচার্যের নিকট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই কমিটি গঠনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে অগ্রসর হবে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কমিটির কাজ ও সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

























































