কুমিল্লার লাকসামে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ একাধিক মামলার আসামি পৌর যুব দলের যুগ্ম আহবায়ক সফিউল্লাহকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোঃ আবুল কালামকে হুমকি দেন সফিউল্লার ভাই রায়হান। সাংবাদিক মোঃ আবুল কালামকে ফেসবুক লাইভে ‘দেখে নেয়ার’ এ হুমকি দেন রায়হান।
সাংবাদিক মোঃ আবুল কালাম জানান, ‘চাঁদাবাজির মামলায় শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশ পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক কসাই সফিউল্লাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা কার্যালয়ে নিয়ে যায়। মুহুর্তে এ খবর ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে অনেকের ফোন পেয়ে আমি সংবাদ সংগ্রহে যাই । বিস্তারিত তথ্য না পাওয়ায় ফেসবুকে তার গ্রেপ্তারের বিষয়ে একটি স্ট্যাটাস দেই। মুহুর্তের মাঝে আমার স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। অনেকেই পোষ্টটি শেয়ার করেন। নেটিজেনদের অনেকেই সফিউল্লার গ্রেপ্তারের সংবাদে খুশি হয়ে ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, সুন্দর, নাইস’সহ নানা কমেন্টস করেন। রাত ১১টার দিকে গ্রেপ্তার হওয়া সফিউল্লার ছোট ভাই রেফায়েত হোসেন রায়হান তার ফেসবুক লাইভে আমার নাম ধরে এবং পোষ্ট শেয়ারকারীদের নাম ধরে ‘দেখে নেয়ার’ হুমকি দেন।’
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া সফিউল্লার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি, ছিনতাইয়ের অভিযোগে অন্ততঃ ৭টি মামলা রয়েছে।
লাকসাম হাউজিং এর কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ৫ই আগস্টের পর লাকসামে মোঃ ছফিউল্লাহ ও তার ছোট ভাই রায়হান লাকসাম হাউজিং ও আশপাশ এলাকায় ব্যাপক চাদাবাজিসহ নানা কুকর্ম চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে পতিত আ’লীগের দোসরদের টাকার বিনিময়ে আশ্রয় দান, হাউজিং এস্টেটের জায়গা দখল করে অফিস নির্মাণের অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন ওই অফিসকে ‘হাউজিং থানা’ বলে থাকেন। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি এ অফিসে তারা দুই ভাই শালিস দরবার, লোকজনকে আটক করে এনে মারধর ও অর্থ আদায়, মাদক কেনাবেচা করে বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, ‘আমাদের সংবাদিকদের হুমকি ধমক দিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সাংবাদিকদের হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। না হয় সাংবাদিক সংগঠনগুলো কর্মসূচি দিতে বাধ্যা হবে।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সফিউল্লার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিল। তাকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


















































