শনিবার,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় পূর্বশত্রুতার জেরে বসতবাড়ির রাস্তা বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা


কুমিল্লায় পূর্বশত্রুতার জেরে বসতবাড়ির রাস্তা বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২৫

জসীম চৌধুরী:

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বশত্রুতার জেরে একটি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিবেশী দুই ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফারজানা আক্তার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারজানা আক্তারের পরিবার ওই রাস্তা ব্যবহার করে বসতবাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি ফারজানার স্বামী রফিকুল ইসলাম বসবাসের জন্য একটি বিডিংয়ের কাজ শেষ করে বসবাস শুরু করেন। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিবেশী সাজু, শাহআলম, আলম ও মাকসুদ মিলে জোরপূর্বক রাস্তায় দেয়াল নির্মাণ করে চলাচলের পথটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন।

ফারজানা আক্তার জানান, “দীর্ঘ বছরের চলাচলের একমাত্র রাস্তা হঠাৎ করে দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পরিবার নিয়ে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এছাড়াও, পাশের বাড়ির প্রবাসী স্বপনের স্ত্রী লিলু অভিযোগ করেন, তিনি ফারজানাদের অস্থায়ীভাবে নিজের বসতবাড়ির ভেতর দিয়ে চলাচলের সুযোগ দিলে তাদের উপরেও অত্যাচার শুরু করেন অভিযুক্তরা। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহ আলম বলেন, “আমাদের বাড়ির জায়গায় আমরা ওয়াল দিছি। তারা বাড়ির মালামাল নিতে রাস্তা চাইছে, আমরা তখন দিছি। এখন তারার মালামাল নেওয়া শেষ। তাই আমরা ওই রাস্তা বন্ধ করেছি।”

৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদ বলেন, “ঘটনাটি আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি এবং একটি প্রতিবেদনও জমা দিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার।”

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি