ভারতীয় পরিচয়পত্রসহ কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী
ভারতীয় পরিচয়পত্রসহ কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ যাদবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশি অভিনেত্রী ও মডেল শান্তা পালকে। তাঁর কাছ থেকে ভারতের জাতীয় পরিচয়পত্র—ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার হয়েছে।
কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তদন্ত করছে, কীভাবে তিনি এসব ভারতীয় নথি সংগ্রহ করেছেন এবং সেগুলি আসল না নকল—তা যাচাই চলছে।
তদন্তে জানা গেছে, শান্তা পাল অ্যাপ-ক্যাব ব্যবসার আড়ালে কলকাতায় বসবাস করছিলেন। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ভাড়া ফ্ল্যাটে ছিলেন তিনি। তবে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ঠিকানা ব্যবহার করেছেন।
সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করতে গিয়ে তিনি আরেকটি ঠিকানা দেন। এ নিয়ে পুলিশের সন্দেহ বাড়ে এবং তার বিরুদ্ধে তদন্ত জোরদার হয়। পরে তাঁর কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বেসরকারি বিমান সংস্থার পরিচয়পত্রও উদ্ধার করা হয়।
পুলিশ জানতে চায়, ঠিক কোন নথির ভিত্তিতে শান্তা ভারতের আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রেশন কার্ড সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তা পাঠানো হয়েছে খাদ্য দপ্তরে।
উল্লেখ্য, শান্তা পালের চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমার মাধ্যমে। তিনি ভারতের একটি তামিল চলচ্চিত্র ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেছেন, যার পরিচালক ছিলেন বিশ্বনাথ রাও। এছাড়া বাংলাদেশের বেশ কয়েকটি বিজ্ঞাপন ও প্রজেক্টেও যুক্ত ছিলেন তিনি।


























































