শনিবার,১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০২৫

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

শনিবার বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আর আহতরা হলেন- মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানায়, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। আহত হয় দুজন। তাদের উদ্ধার করে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল। এ ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহণ আইনের ৪১(১) ধারায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে তদন্ত করা হচ্ছে।

পুলিশ এ ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি