নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, কিছু কিছু লোক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারণে কিছু কারখানা বন্ধ রয়েছে; এ জন্য সরকার দায়ী না।
আজ শনিবার দুপুরে নগরীর তেরোখাদিয়া এলাকায় স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসা করছেন।
শ্রমিকদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, শ্রমিকরা আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে।






















































