শনিবার,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০২৫


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার পর আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকার মীরপুর ভাসানটেক থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মামলার ২ নম্বর আসামি মো. সাত্তার মিয়াকে (৪৮) সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়।

ওসি আজিজুল হক জানায়, মসজিদের ভেতরে এমন বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (২ আগস্ট) এশার নামাজের সময় বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে নামাজরত অবস্থায় সায়মন রেজা ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’-এর মালিক। হামলায় তার একটি কিডনি বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি