
ডেস্ক রিপোর্ট:
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ণ ক্যামেরা দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সব বাহিনী মিলে প্রায় ৮ লাখ সদস্য নিয়োজিত থাকবে। তাদের সবার প্রশিক্ষণ হবে। যে যে এলাকায় আছে, সেখানেই সবার প্রশিক্ষণ হবে। সুন্দর নির্বাচন করতে সর্বোচ্চ চেষ্টা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় বডি ক্যামেরা থাকবে। ৪৭ হাজার ভোট কেন্দ্রে একটি করে বডি-ওর্ণ ক্যামেরা দেয়ার চেষ্টা করা হবে। পুলিশের সবচেয়ে সিনিয়র কর্মকর্তার কাছে এই ক্যামেরা থাকবে। নির্বাচনকে সামনে রেখে বাহিনীর যারা নির্বাচনি ডিউটি করবে তাদের সবাইকে ট্রেনিং দেয়া হবে। প্রশিক্ষণ শেষে মহড়া হবে। যেন নির্বাচন ভালোভাবে হয়।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে নির্বাচনের সময় এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে পোস্টিং করা হবে। ওসিদের লটারি বিভাগ অনুযায়ী হবে। শিডিউল ঘোষণার কিছুদিন আগে এই লটারি হবে। শিডিউল ঘোষণার পর বদলির বিষয়টি নির্বাচন কমিশনের হাতে চলে যায়। এজন্য আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাজ করে দেবে। এরপর নির্বাচন কমিশন আরও পরিবর্তন করতে চাইলে করবে।























































