বুধবার,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী রূপান্তরে স্বাভাবিক সংশোধন হিসেবে দেখছেন কুমিল্লার বিনিয়োগকারীরা


শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী রূপান্তরে স্বাভাবিক সংশোধন হিসেবে দেখছেন কুমিল্লার বিনিয়োগকারীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০২৫


মনির হোসেন:

বাংলাদেশের শেয়ারবাজারে টানা চার কর্মদিবস ধরে পতনের ধারা অব্যাহত রয়েছে। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৮৫ পয়েন্ট কমেছে, যার মধ্যে আজ সূচক ৫৭ পয়েন্ট এবং গতকাল ৬৩ পয়েন্ট পতন দেখা গেছে। তবুও কুমিল্লার বিনিয়োগকারীরা এটিকে স্বাভাবিক সংশোধন হিসেবে দেখছেন। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজার যত দ্রুত বেড়েছে, পতন তার চেয়ে ধীরে ঘটছে, যা বাজারের স্বাভাবিক ওঠা-নামার অংশ।

তথ্য থেকে জানা গেছে, ৪ আগস্ট থেকে আজ পর্যন্ত চার কর্মদিবসে সূচক কমেছে ১৮৫ পয়েন্ট। এর আগে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত মাত্র তিন কর্মদিবসে সূচক ২৩৭.৬৭ পয়েন্ট বেড়েছিল। এছাড়া ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত টানা আট কর্মদিবসে সূচক ৩৩০ পয়েন্টের বেশি বৃদ্ধি পায়। যদিও ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত তিন কর্মদিবসে সূচক সাড়ে ৯৩ পয়েন্ট কমে। অর্থাৎ মোট ১১ কর্মদিবসে সূচক বেড়েছে প্রায় সাড়ে ৫৬৭ পয়েন্ট, যা ৭ কর্মদিবসে ২৭৮ পয়েন্টের পতনের চেয়ে দ্বিগুণেরও বেশি। বাজার বিশ্লেষকদের মতে, বাজারের কাংখিত সংশোধন প্রায় শেষ এবং খুব শিগগিরই বাজার পুনরায় ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে।

কুমিল্লার বিনিয়োগকারীরা বলছেন, বাজার এখন অনেক ম্যাচুউরড। আর বিনিয়োগকারীরাও আগের চেয়ে এখন বেশি স্থিতিশীল। আগে যেমন সামান্য পতনেই সিংহভাগ কোম্পানির পতন দেখা যেতো, এখন বড় পতনেও সে রকম পতন দেখা যায় না। কারণ বাজারের আচরণ এখন অনেক বেশি যৌক্তিক। আজ (১০ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫১ পয়েন্টে অবস্থান করেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস ৮.০৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১.০৫ পয়েন্ট কমে ২ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে, যার মধ্যে ১০৯টির দর বেড়েছে, ২৪৭টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।মোট লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার, যা গত কর্মদিবসের ৭০৬ কোটি ৪০ লাখ টাকার তুলনায় ৫৪ কোটি ২৩ লাখ টাকা বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি