সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের টানা দরপতনে বিনিয়োগকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুমিল্লার বিনিয়োগকারীদের প্রশ্ন পুঁজিবাজারে টানা উত্থানের পর টানা দরপতনের রহস্য কী।
ইচ্ছাকৃত ভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হচ্ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বর্তমানে ডে ট্রেডারের ভুমিকায় অবর্তীন হয়েছে। ফলে দরপতনের এই ধারা এখন ৬ কর্মদিবসে গড়িয়েছে।
প্রতিদিনই কুমিল্লার বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকে— বাজার ঘুরে দাঁড়াবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। এতে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়লেও, লেনদেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা বাজারে গতিশীলতার ইঙ্গিত দেয়। কারণ বাজার ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ভিত্তি ও সামর্থ দুটোই বিদ্যমান রয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। বেলা পৌনে ১১টার দিকে ডিএসই এক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪,৩৮৮ পয়েন্টে। যদিও পরে সূচক কিছুটা কমেছে, দিনের শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে, যা বিনিয়োগকারীদের সক্রিয়তা ও আগ্রহের প্রতিফলন।
কুমিল্লার ব্র্যাক ইপিএল ইনচার্জ সাইফুল ইসলাম বাবু জানান,সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৫ পয়েন্টে অবস্থান করে।
বাজার বিশ্লেষকরা বলছেন, এই দরপতনের কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। টানা উত্থানের কারণে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বেশ বেড়ে গেছে। ফলে যে বিনিয়োগকারীরা লাভে রয়েছেন, তারা মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করছেন। সে কারণে এখন কিছুটা মূল্য সংশোধন হচ্ছে।
দিনশেষে ডিএসই এক্স সূচক ২৮.৬০ পয়েন্ট কমে ৫,৩১৫.৪৪ পয়েন্টে অবস্থান করলেও, মোট লেনদেনের পরিমাণ ছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকা, যা আগের দিনের ৬১০ কোটি ৮৬ লাখ টাকার তুলনায় ৫৫ কোটি ৬৫ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়, যার মধ্যে বেশিরভাগের দর কমলেও কিছু প্রতিষ্ঠানের দর বেড়েছে, যা বাজারে বৈচিত্র্যের ইঙ্গিত দেয়।

























































