
চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এ পরীক্ষার মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের সব আসন পূর্ণ হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ১ হাজার ৯৯টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৫০টি, ‘বি’ ইউনিটে ৪৪০টি এবং ‘সি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে।
কুবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ বলেন, “গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া খুবই ভালো সিদ্ধান্ত ছিলো। গুচ্ছের কারণে এত বছর অনেক আসন ফাঁকা থাকতো। এবারে সব আসন পূর্ণ হওয়া প্রমাণ করেছে কুবির সক্ষমতা ও সুনাম।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দিন বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে স্বাতন্ত্র্যতা অপরিহার্য। গুচ্ছের কারণে কুবি লোকাল প্রতিষ্ঠানে পরিণত হচ্ছিল। তবে এবার দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের পছন্দে কুবিতে ভর্তি হয়েছে। এতে মেধার বৈচিত্র্য ও সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ হবে।”
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন জানান, “শিক্ষার্থীদের ভর্তির জন্য এবার আমাদের সব আসন পূর্ণ হয়েছে। দুই-একজনের ভর্তি বাতিল ছাড়া আর কোনো আসন খালি নেই।”
উল্লেখ্য, চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে এবারই স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এ থেকে এটাই প্রমাণিত হয় যে, স্বতন্ত্র ভর্তি পরীক্ষাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

























































