শনিবার,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ নারী দল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০২৫

ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ নারী দল

ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্কঃ

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করেছে বাফুফে।

এর অংশ হিসেবে অক্টোবরের নারী ফিফা উইন্ডোতে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৮ অক্টোবর। মঙ্গলবার (২৬ আগস্ট) বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অক্টোবরে থাইল্যান্ডে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। এজন্য ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছি।’

থাইল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল যাবে জাপানে তিন সপ্তাহের জন্য। সেখানে অনুশীলন ক্যাম্প হলেও কোনো ম্যাচ খেলার পরিকল্পনা নেই। কিরণ বলেন, ‘অক্টোবরে যেমন ম্যাচ খেলব, নভেম্বর উইন্ডোতেও দু’টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর, হংকং বা মালয়েশিয়ায় প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। এছাড়া নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা চলছে।’

শুধু সিনিয়র দলই নয়, অনূর্ধ্ব-২০ দলও এবার এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। তাদেরও জাপানে সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়া হবে। কিরণ বলেন, ‘আগামী মার্চে থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। এজন্য সিনিয়র দলের অনুশীলন ও ম্যাচ প্রস্তুতিতে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দেরও অন্তর্ভুক্ত করা হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি