পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ২৫
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা ও নদীভাঙনে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। অস্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি ভারত থেকে চেনাব, রাভি ও শতদ্রু নদীতে পানি ছাড়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রশাসন জানায়, সিয়ালকোট জেলার সাম্বারিয়ালে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। গুজরানওয়ালা বিভাগে ১৫ জন, গুজরাটে ৪ জন, নারোয়ালে ৩ জন এবং হাফিজাবাদ জেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
বন্যার পানিতে তলিয়ে গেছে কাসুর, নারোয়াল ও পিন্ডি ভাটিয়ান এলাকার শত শত গ্রাম। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। প্রবল স্রোতে ভেসে গেছে শত শত গবাদিপশু এবং কয়েক হাজার একর ফসল। বাহাওয়ালনগরের বহু বাড়িঘরও পানিতে ডুবে গেছে।
চেনাব নদীর পানি প্রবেশ করেছে চেনিওট ও ওজিরাবাদের বিভিন্ন গ্রামে। লাহোরের শাহদারায় রাভি নদীতে পানির প্রবাহ ১ লাখ ৪৫ হাজার কিউসেক ছাড়িয়েছে এবং জাসারে তা ১ লাখ ৫২ হাজার কিউসেক রেকর্ড হয়েছে। তবে লাহোর কমিশনার জানিয়েছেন, ইতোমধ্যে শীর্ষ প্রবাহ কেটে গেছে এবং পানি নামা শুরু করেছে।
শতদ্রু নদীতেও একাধিক স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গণ্ডা সিং ওয়ালায় প্রবাহ দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার কিউসেক, আর হেড সুলেমানকিতে ১ লাখ ৯ হাজার কিউসেক। চিশতিয়ানে প্রবল স্রোতে ভেঙে গেছে ছয়টি রক্ষাবাঁধ। এতে তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় সাত হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাহাওয়ালনগরে। সেখানে একশরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। এর মধ্যে প্রায় ৯০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। প্রবল স্রোতে ভেসে গেছে অস্থায়ী বাঁধ, ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর ও কৃষিজমি।
স্থানীয় কৃষকরা ঘরবাড়ি রক্ষায় প্রায় আট কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করেছেন। তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই বাঁধ ভেঙে গেলে অন্তত ২০ হাজার বাড়িঘর ঝুঁকির মুখে পড়বে।
সূত্র: এআরওয়াই নিউজ


























































