মঙ্গলবার,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনে অংশ নিতে পারবে না আ’লীগ, স্পষ্ট করলেন ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২৫

নির্বাচনে অংশ নিতে পারবে না আ'লীগ, স্পষ্ট করলেন ইসি

নির্বাচনে অংশ নিতে পারবে না আ’লীগ, স্পষ্ট করলেন ইসি

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের দলীয় প্রতীকও স্থগিত থাকবে। সে ক্ষেত্রে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সুযোগ থাকবে কি না—তা পরিস্থিতি নির্ভর বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইসি সানাউল্লাহ। যদিও তিনি কোনো দলের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সংশোধিত আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র নির্ধারণ করবেন। আদালতের ফেরারি আসামি, সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে (৫০ শতাংশ বা তার বেশি সরকারি মালিকানাধীন) কর্মরত ব্যক্তি কিংবা লাভজনক পদে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া হলফনামায় মিথ্যা বা গোপন তথ্য দিলে সংসদ সদস্য পদ হারাতে হবে।

নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একক প্রার্থী থাকলে ব্যালটে ‘না ভোট’ দেওয়ার সুযোগ রাখা হবে। জোটবদ্ধ নির্বাচন হলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরপিও সংশোধনে আরও বলা হয়েছে—

ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে
গণমাধ্যমকর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন
নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ করা যাবে না
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নিবন্ধন ও প্রতীক স্থগিত থাকবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি