বৃহস্পতিবার,১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা


জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০২৫

জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দুদক আদালতে আবেদন করে তাদের বিদেশযাত্রা বন্ধে নির্দেশনা চায়।

অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাণিজ্যে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়। এর মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

এ ঘটনায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের।

দুদক আরও জানায়, দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন জিএম কাদের, যা পরবর্তীতে বিদেশে পাচার করা হয়। অভিযোগে বলা হয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট হলেও বর্তমানে সদস্য সংখ্যা বেড়ে ৬০০–৬৫০ জন হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামায় দেখা যায়, জিএম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংকে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং ৮৪ লাখ ৯৮ হাজার টাকার একটি জিপ গাড়ি রয়েছে। অপরদিকে তার স্ত্রী শরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং প্রায় ৮০ লাখ টাকার আরেকটি জিপ গাড়ি রয়েছে। এছাড়া তাদের নামে লালমনিরহাট ও ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটও রয়েছে।

উল্লেখ্য, জিএম কাদের ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি