শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আসন্ন দুর্গাপূজা নিয়ে গুজব রটালে তাৎক্ষণিক ব্যবস্থা : র‍্যাব ডিজি


আসন্ন দুর্গাপূজা নিয়ে গুজব রটালে তাৎক্ষণিক ব্যবস্থা : র‍্যাব ডিজি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০২৫

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেই তা বিশ্বাস না করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ‘গুজব রোধে সোশ্যাল মিডিয়া মনিটরিং করার পাশাপাশি সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।’ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব রটালে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

মঙ্গলবার রংপুর পায়রা চত্বর কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে, তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

র‌্যাব মহাপচিালক শহিদুর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করার পাঁয়তারা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই বিশ্বাস না করে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন। তাৎক্ষণিকভাবে ভেরিফাই করে যে পোস্টটি করা হয়েছে, সেটি যদি সত্য হয় তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি গুজব ছড়ায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের সীমান্তে প্রায় সাত হাজারের মতো পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি মোতায়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশে ৩৫ হাজার মণ্ডপের মধ্যে অল্প কিছুসংখ্যক ঝুঁকিপূর্ণ মণ্ডপ রয়েছে, যেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তারব্যবস্থা নেওয়া হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সব মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকবে।

সেনা, বিজিবি, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করবেন। এ ছাড়া বিশেষ নজরদারি থাকবে প্রতিটি মণ্ডপে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে সুষ্ঠু পরিবেশে যেন উৎসব পালিত হয় সে জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি