সোমবার,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আটকের চারদিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০২৫


মোঃ জামাল উদ্দিন দুলাল:

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আটকের চারদিন পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খানসহ কেন্দ্রেীয় ছাত্রদলের ৮ নেতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হন।

এ সময় কারাফটকে শতশত নেতাকর্মীর ঢল নামে এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। সকাল থেকেই এম এ আউয়াল খানের এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মী কারাফটকের সামনে অপেক্ষা করতে থাকেন। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাদেরকে ফুলের মালা পরিয়ে শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।

শেখ হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় রোববার (২১ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বুধবার (২৪ সেপ্টেম্বর) ওই তিনটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তারা কারামুক্ত করা হয়।

কারাগার থেকে মুক্তি পেয়ে এম এ আউয়াল খান বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সারাদেশকে কারাগারে পরিণত করেছিল। আগেও কোন জেল জুলুম হুলিয়া দিয়ে আমাদেও আটকে রাখতে পারেনি, এখনো পারবেনা। এই মুক্তি আমাদের আন্দোলনকে আরও বেশি গতিশীল করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি