শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৫


ডেস্ক রিপোর্ট:

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ফের চোখ রাঙাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৭ জন। একই সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট ১৯৮ জন প্রাণ হারিয়েছেন এই রোগটিতে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৭৯৬ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি