বঙ্গোপসাগরে লঘুচাপ: ভারি বৃষ্টির আশঙ্কা
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরের এই লঘুচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের সব বিভাগেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।


























































