ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর তাহসিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত নূর আখাউড়া উপজেলার টান মান্দাইল গ্রামের খাইরুল ইসলাম বাবুর ছেলে। মাকে নিয়ে শিশুটি মামার বাড়ি ধর্মপুর গ্রামে বেড়াতে এসেছিল।
সে ধর্মপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার মেয়ে আকলিমা আক্তারের একমাত্র সন্তান।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার পর থেকেই তাহসিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সন্ধ্যায় কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে রাতভর গ্রামের মানুষ মসজিদের পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজ করে।
বৃহস্পতিবার ভোরে ওই পুকুরে ভেসে উঠা অবস্থায় তাহসিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।
কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, শিশু তাহসিনের নিখোঁজের বিষয়টি জানার পর খোঁজ নিতে শুরু করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে।


















































