বিনোদন ডেস্কঃ
বলিউডের বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্র আর নেই। বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘ এক মাস লড়াই করে সোমবার (২৪ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন—এমনটাই জানিয়েছে এনডিটিভি।
ফিল্মফেয়ার পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘হি-ম্যান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের ছয় দশকের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটালো।
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ পর্যন্ত নিয়তির কাছে হার মানলেন এই কিংবদন্তি।
বলিউডের সোনালি যুগে যখন প্রেম, আভিজাত্য ও নায়কের আকর্ষণ ছিল সিনেমার কেন্দ্রবিন্দু—তখনই আবির্ভাব হয় ধর্মেন্দ্রর। কোমলমতি প্রেমিক, নির্ভীক যোদ্ধা এবং ভদ্রলোক—এই তিন পরিচয়েরই মেলবন্ধন ছিলেন তিনি। ব্যক্তিত্ব, অভিনয়শৈলী ও মানবিকতার জন্য পান ‘হ্যান্ডসাম হিরো’র খেতাব।
ফিল্মফেয়ার তাদের পেজে তাঁর মৃত্যুর খবর দিয়ে গভীর শোক জানিয়েছে।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র সিং দেওল। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তাঁকে টেনে নিয়ে যায় মুম্বাইয়ে। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় তাঁর বলিউড যাত্রা। ষাটের দশকের মাঝামাঝি থেকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
ব্যক্তিজীবনে ধর্মেন্দ্রর দুই সংসার। অভিনেত্রী হেমা মালিনিকে বিয়ে করে তিনি পেয়েছিলেন একমাত্র কন্যা এষা দেওলকে। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসারে রয়েছে দুই ছেলে—সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল।
সর্বশেষ করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের মন জয় করেন এই বর্ষীয়ান নায়ক। শাবানা আজমির সঙ্গে তাঁর রোমান্টিক দৃশ্য ব্যাপক আলোচিত হয়।
এদিকে তাঁর অভিনীত নতুন ছবি ‘ইক্কিস’, যা শ্রীরাম রাঘবন পরিচালিত, মুক্তির অপেক্ষায় রয়েছে।


























































