ডেস্ক রিপোর্টঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার দুই সন্তান—শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার- এবং তাদের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা মোট ২১টি ব্যাংক হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আদালতে এ সংক্রান্ত আবেদন দাখিল করেন। আবেদনে জানানো হয়, তাপস ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা জমা রয়েছে।
দুদক আরও জানায়, তাপসের মোট সম্পদের পূর্ণাঙ্গ হিসাব এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তে তার নামে ও পরিবারের সদস্যদের নামে একাধিক ব্যাংক হিসাব শনাক্ত হওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টাকা স্থানান্তর বা অপসারণ না করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়।
এ বছরের ৫ জানুয়ারি ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মামলা করে দুদক।






















































