ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা (মুছা মিয়া) গলা কেটে হত্যা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর-পাঠামারা বিলে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান।
পুলিশ ও স্থানীয়দের জানানো মতে, আবু মুসা কিছুদিন ধরে হোসেনপুর-পাঠামারা বিলে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করতেন। রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে বিলে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় লাশ উদ্ধার করেন।
নিহতের ছেলে উজ্জ্বল জানান, ‘কয়েকদিন আগে আশরাফবাদ গ্রামের সায়েম নামে একজন আমার বাবাকে মারধর করেছিল। বাবা বলেছিলেন বিল গেলে তাকে কিছু টাকা দেবেন। আজ বিকালে বাবাকে কুপিয়ে ও জবাই করে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে সায়েমই বাবাকে হত্যা করেছে।’
ওসি হাসান জামিল খান জানায়, ‘সন্ধ্যায় খবর পাই হোসেনপুর গ্রামের বিলে একজনের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সাবেক ইউপি সদস্য আবু মুসার গলা কাটা রক্তাক্ত লাশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’






















































