বৃহস্পতিবার,২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০২৫


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগির বাজারে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে মুরগির ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়েও বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ইনসাফ ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, ঈষান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, শাওন ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, মা-বাবার দোয়া ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকাসহ আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি