পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ ফিফা বিশ্বকাপে পড়েছে ‘কঠিন’ এক গ্রুপে। শুক্রবার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ব্রাজিলকে রাখা হয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। তিনটি দলই সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতামূলক ফুটবলে নজর কাড়ছে।
বিশেষ করে ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা মরক্কোকে সামনে রেখে ব্রাজিলের পথ সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্কটল্যান্ডও ইউরোপীয় বাছাইয়ে দুর্দান্ত ফর্ম দেখিয়েছে। হাইতি তুলনামূলক দুর্বল হলেও বড় মঞ্চে চমক দেখানোর ইতিহাস রয়েছে তাদের।
২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারা ব্রাজিল এবার শিরোপা খরার অবসান ঘটাতে চায়। তবে কোচ কার্লো আনচেলোত্তির দল বাছাইপর্বে সংগ্রাম করেছে, দক্ষিণ আমেরিকার তালিকায় পঞ্চম হয়ে মূল পর্বে উঠতে হয়েছে সেলেসাওদের।
কঠিন গ্রুপ, অনিশ্চিত প্রতিপক্ষ, সব মিলিয়ে ব্রাজিলের জন্য বিশ্বকাপের শুরুটা হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জের। এখন দেখার বিষয়, ভিনিসিয়ুস-রোদ্রিগোদের তরুণ আক্রমণভাগ ও আনচেলোত্তির অভিজ্ঞতা কি এই পরীক্ষায় সাফল্য এনে দিতে পারে।

























































