বৃহস্পতিবার,২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


মাকে মারধর করায় মাদকাসক্ত ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০২৫

মাকে মারধর করায় মাদকাসক্ত ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের শ্রীপুরে মাকে মারধরের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে শাস্তি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)। তিনি ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল আগে এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন। হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর সংসারের অভাব-অনটনের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি হতাশাগ্রস্ত হয়ে মাদকে আসক্ত হয়ে পড়েন।

নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝামেলা করতেন খলিল। শনিবার সকালে তিনি মায়ের কাছে দুই হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ইট ছুড়ে মারেন মায়ের দিকে। এতে তার মা খোদেজা বেগম আহত হন।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রথমে তারা খলিলকে বাড়ির পাশে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন। তবে খলিল এতে আরও উত্তেজিত হয়ে পড়লে স্থানীয়রা ছাতিরবাজার–টেপিরবাড়ী সড়কের পাশে মাটি খুঁড়ে তাকে কোমর পর্যন্ত পুঁতে রাখেন।

এলাকাবাসীর দাবি, এর আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেওয়ার পরও খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন তারা। কাউকে মাটিতে পুঁতে শাস্তি দেওয়া আইনসম্মত নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি