বুধবার,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মধ্যরাতে ঘরে ঢুকে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০২৫


স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে মধ্যরাতে ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ‘পরান’ নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরান (২০) ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার বাড়ির আব্দুস সালামের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায় কিশোরী। পরে সে ঘরে ফিরে ঢুকতেই আগে থেকেই ঘরে প্রবেশ করে থাকা পরান কিশোরীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী চিৎকার করার সুযোগ পেলে পাশের কক্ষে থাকা তার দাদাকে ডাক দেয়। এ সময় অভিযুক্ত যুবক দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা এসে কিশোরীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর ভুক্তভোগী কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানান স্বজনরা। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি