আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা কাফনের কাপড় পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে কিছুক্ষণ অবস্থান করেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
সম্প্রতি এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ফলে অপর মনোনয়নপ্রত্যাশী চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল শাওন বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এর আগে গত ২৪ ডিসেম্বর সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপিতে যোগদান করেন ড. রেদোয়ান আহমেদ। ওই দিন দুপুর ২টার দিকে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এমনকি ওই দিন বিকেলেই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন আতিকুল আলম শাওন সমর্থিত নেতাকর্মীরা। এতে চান্দিনার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।


















































