মুরাদনগর উপজেলায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বাংগরা বাজার থানা এলাকার আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মুরাদনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ২৫ শতক সরকারি হালট ভূমি দখলমুক্ত করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের শিশু মিয়ার পুত্র তাজুল ইসলাম ও নূরুল ইসলাম আবন, ওসমান মিয়ার পুত্র আবুল বাশারসহ মোট সাতটি পরিবার বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছিল।
এ বিষয়ে একই গ্রামের নূরুল হক ভুঁইয়ার পুত্র ইয়ার হোসেন এবং আবদুল হকের পুত্র শাহাদাৎ হোসেন রুমি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনেন। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে মুরাদনগর উপজেলা ভূমি অফিস একাধিকবার সরেজমিন পরিদর্শন করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ওই প্রতিবেদনের ভিত্তিতেই উচ্ছেদ অভিযান পরিচালনার অনুমোদন দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান জানায়, গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে বৈলঘর মৌজায় উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা। সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযান চলাকালে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মো. শরীফুল ইসলাম, আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ, বাংগরা বাজার থানা পুলিশের সদস্যরা এবং পল্লি বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


















































