রবিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই : উপদেষ্টা সালেহউদ্দিন


কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই : উপদেষ্টা সালেহউদ্দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২৬


ডেস্ক রিপোর্ট:

জাতীয় নির্বাচনে প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করছে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন হবে। কোথাও কোনো লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। আমরা কোনো প্রার্থীর কথা বলছি না। জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পায়, এটা প্রমাণ করবেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২ জানুয়ারি প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর যদি কেউ সভা-সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে আরো ভালো জায়গায় দ্রুত নিয়ে যেতে হবে। এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যাকে ভোট দিয়েছেন তিনি হোক আর অন্য কেউ হোক আপনার সমান অধিকার তাকে দিতে হবে। মানুষ হবে অডিটরের মতো। অডিটর যেমন নিরীক্ষা করে, টাকা-পয়সার হিসাব চায়। আপনারাও টাকা-পয়সা, কাজকর্মের হিসাব পাবেন। এতে আপনারা গ্রহণযোগ্যতা পাবেন। এটি হবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য।’

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি