বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০২৬


স্টাফ রিপোর্টার:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্র জানায়, ২৬ জানুয়ারি দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. সোহাগ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন রাতে র‌্যাব-১১ সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল কুমিল্লার কোতোয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মো. সোহাগ কুমিল্লার বুড়িচং থানার দুবাইচর গ্রামের মো. রফিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি