ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল সরবরাহ করা হয়।
পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করে জানান, নুমালিগড় রিফাইনারি থেকে পাঠানো ডিজেল পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে। শুক্রবার সকাল ৮টার দিকে এই ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সংরক্ষণ করা হয়েছে।
উত্তরাঞ্চলের কৃষিনির্ভর আটটি জেলায় সেচ কার্যক্রমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ডিজেলচালিত যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়। এ উদ্দেশ্যে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। এর অংশ হিসেবে এর আগে ১১ মার্চ পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। সর্বশেষ চালান হিসেবে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল শুক্রবার পার্বতীপুরে পৌঁছেছে। এছাড়া আগামী সপ্তাহে একই পরিমাণ ডিজেল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী চার মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

























































