
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র প্রার্থী ও জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম তার নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তিনি কুমিল্লা মুন্সেফবাড়ি বাসায় গিয়ে জুলাই শহীদ হামিদুর রহমান মজুমদার সাদমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শহীদ সাদমানের মা কাজী শারমিন আক্তারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে শহীদ সাদমানের মা তার ছেলের স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, “বর্তমান সময়ে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার জন্য জীবন দিয়েছেন, তাদের এবং তাদের পরিবারের অবমূল্যায়ন অত্যন্ত দুঃখজনক।”
এ সময় অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, “কোনভাবেই জুলাইয়ের স্মৃতি মুছে যাবে না। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে থাকবে এনসিপি এবং তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে জুলাই শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, যেখানে রাজনীতি জনগণের কাছে জবাবদিহিতামূলক হবে।” এর পর তিনি কুমিল্লা নগরীস্থ শহীদ মাসুমের বাড়িতে যান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী মো. সিরাজ, যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাওসার, ইঞ্জিনিয়ার জাহেদ, ফারহা এমদাদ, যুব শক্তির আবু রায়হান, জাফরিন হক অনন্যা এবং ছাত্র সংগঠনের আহ্বায়ক জিহান মোস্তফাসহ দলীয়নেতৃবৃন্দ।

















































