
ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদে ২৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, হাই-টেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে কার্যকরভাবে পরিচালনা এবং দেশে পেপালের কার্যক্রম চালু করার উদ্যোগ নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ইতোমধ্যে ভাতা পাচ্ছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। জাপানে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা এখন ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে সহজে এই ঋণ গ্রহণ করতে পারবেন।





















































