শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত


দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০২৬

ডেস্ক রিপোর্ট:

দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করলে এটা আরো কমে যাবে। আশা করি আগামী ১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

টিকার কোনো ঘাটতি নেই উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, কোনো টিকার ঘাটতি নেই। সব ধরনের টিকার পর্যাপ্ত মজুদ আছে। গ্রাম এলাকায় ও আমাদের হাতে যে পরিমাণ ভ্যাকসিন মজুদ আছে, তা দিয়ে আগামী জুন মাস পর্যন্ত বিনা বাধায় ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে পারব।

তিনি জানান, তবে আগামী মাসে একটা জায়গায় আমাদের কিছু ঘাটতি দেখা দিতে পারে সেটা হলো .০৫ সিরিঞ্জ। সেই ঘাটতি পূরণ করতে আমরা ইতিমধ্যে কার্যক্রম অব্যাহত রাখছি।

মন্ত্রী আরো জানান, আগামী দেড় মাসের মধ্যে আমরা সিরিঞ্জের ঘাটতিও পূরণ করতে পারব। ইউনিসেফের মাধ্যমে আমরা আংশিক সিরিঞ্জ আগামী সাতদিনের মধ্যে নিয়ে নেব। আর বাকিগুলো মে মাসের মধ্যে তারা আমাদের সরবরাহ করবে।

তিনি জানান, আমরা অতি স্বল্প সময়ের মধ্যে ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহায়তায় দেশব্যাপী টিকা কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি এবং আগামী ২০ এপ্রিল বৃহৎ পরিসরে শুরু হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি