ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ পুলিশে পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন সহকারী পুলিশ সুপারসহ মোট ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা পৃথক আদেশে জনস্বার্থে এই পদায়ন করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, যিনি একই জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সিগঞ্জ জেলায় এবং যশোরেরই অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
এছাড়া মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে বদলি করা হয়েছে। নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য এক আদেশে, নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত এবং টাঙ্গাইলের গোপালপুর সদর সার্কেলে পূর্বে বদলিকৃত মো. ইমরান আহম্মেদকে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুনরায় পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার গোপালপুরে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ দ্রুত কার্যকর করা হবে।

















































