কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ শুকুর আলী (৪৫) ও মোঃ রহিম শেখ (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শুকুর আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার শান্তিপুর গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে এবং রহিম শেখ একই থানার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে।
র্যাব জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।
র্যাব জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

















































