কুমিল্লার তেলবাহী পদ্মা ট্যাংক লরি থেকে ডিজেল চুরির অভিযোগে ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় আটকদের কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ‘দিবানিশী হোটেলের’ পশ্চিম পাশের মহসীনের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার এসআই অপু বড়ুয়া এবং এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পদ্মা কোং লি.-এর একটি ট্যাংক লরি থেকে পাইপের মাধ্যমে প্লাস্টিকের ড্রামে ডিজেল নেওয়ার সময় হাতেনাতে দুই চোরকে আটক করে।
এসময় পদ্মা কোং লি.-এর ট্যাংক লরিচালক পালিয়ে যায়। চোর সিন্ডিকেট চক্রটি তেল ক্রাইসিসের পর থেকে পদ্মা কোং লি.-এর ট্যাংক লরি থেকে এবং বিভিন্ন তেল পাম্প থেকে ডিজেল এনে মজুদ রেখে বেশি দামে বিক্রয় করে আসছিল।
আটক তেল চোর সিন্ডিকেট সদস্যরা হলেন- মুরাদনগর উপজেলার মুরাদনগর গ্রামের রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) ও দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল (৩০)।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শাহীন, জুয়েল ও পলাতক মোরশেদকে অভিযুক্ত করে বেশিদামে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারি ও মজুদধারি’র ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫(১) ধারায় থানায় মামলা দায়ের করেন।
দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানায়, অভিযানে একটি প্লাস্টিক ড্রামে ২০০ লিটার এবং প্লাস্টি ছোট ৩টি কন্টেইনারে ৭০ লিটার ডিজেল এবং দোকানে তল্লাশি চালিয়ে আরো ৩টি প্লাস্টিক কন্টেইনারে ৭০ লিটারসহ ৩৪০ লিটার ডিজেল এবং পদ্মা কোং লি.-এর একটি ট্যাংক লরি উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক আদালতে চালান করা হয়।

















































