কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে মাদক সম্রাট ফারুকসহ ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর প্রযোজ্য ধারার অধীনে তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী। এ সময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী এবং এসআই রুহুল আমিন সহ পুলিশের একাধিক দল উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের মহরম আলীর ছেলে মোঃ ফারুক হোসেন প্রকাশ কালা ফারুক ( ৩৮), মুরাদনগর সদরের মধ্যপাড়ার হাজী আঃ রশিদের ছেলে মোঃ হোসাইন (২৮) ও মধ্যনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ শাহ আলম(৪৫)।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের পৈইয়াপাথর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মাদক সম্রাট মো. ফারুক হোসেন প্রকাশ কালা ফারুককে আটক করা হয়। এসময় মাদক সেবানের অপরাধে তাকে ২ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদক ও চুরির ১২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
একই রাতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ মুরাদনগর সদর এলাকার মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় মোঃ হোসাইন ও মোঃ শাহ আলমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০০টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদেরকে দন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মুরাদনগরকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।


















































