শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্লাব কিনে যে বার্তা দিলেন মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০২৬


ডেস্ক রিপোর্ট:

স্প্যানিশ ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করলেন লিওনেল মেসি। পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া অধিগ্রহণের পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এক ভিডিও বার্তায় মেসি বলেন, আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমরা এখানে এসেছি ক্লাবকে এগিয়ে নিতে এবং যেভাবে পারি সহায়তা করতে। এই নতুন প্রকল্প নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।

বর্তমানে স্পেনের তৃতীয় স্তরের নিচের লিগে খেললেও ইতোমধ্যেই প্রোমোশন প্লে-অফ নিশ্চিত করেছে কর্নেয়া। মৌসুমের শেষ দুই ম্যাচ বাকি থাকতেই দলটি দ্বিতীয় স্তরে ওঠার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

ক্লাবটি মূলত তাদের একাডেমির জন্য পরিচিত, যেখান থেকে উঠে এসেছেন জর্দি আলবা, ডেভিড রায়ার মতো তারকারা।

মেসির এই বিনিয়োগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের লক্ষ্য, ক্রীড়া ও সাংগঠনিক দুই ক্ষেত্রেই উন্নতি করা, পাশাপাশি তরুণ প্রতিভা গড়ে তোলায় আরো গুরুত্ব দেওয়া।

ইন্টার মায়ামির তারকা মেসি ১৬ই এপ্রিল স্প্যানিশ দলটি কিনে নেওয়ার ঘোষণা দেন। তিনি নতুন দলটির নিয়মিত খোঁজ রাখছেন বলেও জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি