বুধবার,১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » একনেক বৈঠকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন


একনেক বৈঠকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০২৬

একনেক বৈঠকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সরকারি সূত্র জানায়, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় ১৯৬০-এর দশক থেকেই পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ছিল। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় প্রকল্পটির গুরুত্ব আরও বাড়ে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই প্রকল্পটির অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন।

ভারতের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে দুই দেশের সংশ্লিষ্ট কমিশন কাজ করছে।

মন্ত্রী আরও জানান, আগামী বাজেট ঘোষণার পরই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি