ফেনীর ছোট ফেনী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোরে নদীর তীরবর্তী এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের তালতলী জেলেপাড়া সংলগ্ন ছোট ফেনী নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তির পরনে প্যান্ট ও টি-শার্ট ছিল।
নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে দাগনভূঞা ও সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
ঘটনাস্থলটি দুই থানার সীমান্তবর্তী হওয়ায় প্রাথমিকভাবে কিছুটা জটিলতা তৈরি হলেও পরে নিশ্চিত হওয়া যায়, মরদেহটি সোনাগাজী থানার চর মজলিশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীমানার মধ্যে পড়েছে।
ঘটনার খবর পেয়ে সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিন রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। তার উপস্থিতিতে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সৈয়দ মুমিন রায়হান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
























































