মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কচুয়ায় নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০২৬


ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি বিল থেকে নুরুল ইসলাম (৭০) নামে এক সার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তুলপাই গ্রামের কারী সাহেব বাড়ির বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নুরুল ইসলাম কচুয়া বাজারে তার দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহতের ছোট ছেলে ছানাউল্লাহ জানায়, শুক্রবার দুপুরে তিনি দোকানে গিয়ে দেখেন দোকান বন্ধ।

পাশের ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা জানান, অসুস্থতার কথা বলে তার বাবা দোকান থেকে চলে গেছেন। পরে বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তিনি আরো জানায়, শনিবার রাতে কচুয়া থানা থেকে খবর আসে যে কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকার শ্রীনিবাস পূর্বপাড়া হাইওয়ে সড়কের পূর্ব পাশের একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি নুরুল ইসলামের বলে শনাক্ত করেন।

ছানাউল্লাহ বলেন, আমার বাবার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। কী কারণে তাকে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো, তা আমরা বুঝতে পারছি না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে সার ব্যবসায়ী নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কচুয়া বাজারের সার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানান ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।

এরপর বিষয়টি দেশের বিভিন্ন থানায় জানানো হয়। শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানা থেকে একটি মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া যায়। পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি নুরুল ইসলামের বলে শনাক্ত করেন। ঘটনার তদন্ত চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি