
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম চাঞ্চল্যকর সিএনজি চালক হৃদয় হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগায় ঘটনার সূত্রপাত হলেও প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ত্রিভুজ প্রেমের জেরে সিএনজি চালক হৃদয় (২৪) কে গত বুধবার রাতে ছুরিকাঘাতে খুন করা হয়। নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত হৃদয় উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে। গত বুধবার রাত আনুমাানিক ৮টায় চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে।
চাঞ্চল্যকর এই ঘটনার পরপর বুধবার রাতেই চৌদ্দগ্রাম থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের নজির আহাম্মদের পুত্র নুরুল আমিন পানসি (২৫),একই গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত (২৮), এবং পাশ্ববর্তী গাংরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মো. জসীম উদ্দিন (৫৯), কে আটক করেছে।
তবে ঘটনার মুলহোতা স্থানীয় যুবদল নেতা রাকিব এখনো আাটক হয়নি। রাকিবের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা রয়েছে।
জানা যায়, গত বুধবার (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্ব পাশে একটি গ্যারেজ সংলগ্ন সড়কে প্রান্তকে মারধরের উদ্দেশ্যে রাকিব তার কয়েকজন সহযোগীকে নিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে রাকিবের বন্ধু হৃদয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় নিহত হৃদয়ের বড় ভাই মো. ফারুক বাদী হয়ে বৃহস্পতিবার (১১ জুন) বাদী হয়ে রাকিবকে প্রধান আসামী করে আরও ৬ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় রিয়া নামের এক বিবাহিত নারীর সঙ্গে রাকিব ও প্রান্ত নামে দুই যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রিয়ার স্বামী প্রবাসে থাকেন। কিছুদিন ধরে রিয়ার সঙ্গে রাকিবের যোগাযোগ বন্ধ হয়ে গেলে এর জন্য প্রান্তকে দায়ী করেন রাকিব। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রান্ত, পানসি ও জসীমকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “প্রাথমিক তদন্তে ত্রিভুজ প্রেমের বিষয়টি সামনে এসেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রিয়া নামের ওই নারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, অন্যান্য জড়িতদের শনাক্তকরণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

















































