
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. আবু হানিফ (৩০) শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার রশিদ হাওলাদারেরকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা আবু হানিফকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানায়, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দাউদকান্দি মডেল থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

















































