
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে মিরাজ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মিরাজ হোসেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মোশাররফ হোসেন মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড়। মিরাজ কুমিল্লার কালাগাউছিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাদ্রাসা থেকে বাড়িতে এসেছিলো মিরাজ। আজ (রবিবার) দুপুরে গোমতী নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালান। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে হোমনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪ ঘন্টা পর নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে।

















































